গফরগাঁও প্রতিনিধি ঃ ঃময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৪টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নের বারইহাটি গ্রামের বটতলা এলাকায় আজিজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারটির দাবি, ডাকাত দল তাঁদের বাড়ি থেকে তিন ভরি স্বর্ণালংকার, নগদ একলাখ টাকাসহ দামী জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগি পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গৃহকর্তা আজিজুল হক পল্লী বিদ্যুতে চাকুরী করেন। চাকুরীর সুবাদে নিজ কর্মস্থল কিশোরগজ্ঞ জেলা সদরে অবস্থান করেন। বাড়িতে আজিজুল হকের বৃদ্ধ মা, স্ত্রী , মেয়ে এই তিনজন মহিলা ছাড়া আর কেউ ছিল না। রাত ৪টার দিকে ৩/৪ ডাকাতদল ঘরের দরজার তিনটি তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের বাহিরে আরো কয়েকজন ডাকাত পাহারায় ছিলো।
ঘরে ঢুকেই ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির মহিলাদের মুখ ও হাত কাপড় দিয়ে বেঁধে ফেলে। মহিলাদের গলায় চাপাতি ধরে জিম্মি করে বাড়ির তিনটি রুমের আলমারি, ওয়ার ড্রবের তালা ভেঙে , বিছানাসহ সকল রুমের সমস্ত জিনিসপত্র তছনছ করে ৩ ভরি স্বর্ণের অলংকার, ৬ ভরি রুপার অলংকার, জমি ক্রয়ের জন্য রক্ষিত নগদ তিন লাখ টাকা,কাপড়-চোপড়সহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
গৃহকর্তা আজিজুল হক বলেন, খবর পেয়ে ভোরবেলায় বাড়িতে এসে দেখি ডাকাতদল আমার সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে। ডাকাতদল বাড়ির মহিলাদের বার বার জিজ্ঞাসা করছিল জমি ক্রয়ের টাকাগুলো কোথায় ? টাকার সন্ধান দিতে দেরী করায় আমার বৃদ্ধ মা জোয়েদা খাতুন (৭০)কে ডাকাত দল মারধর করে।
এ বিষয়ে জানতে চাইলে পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মোঃ কামরুজ্জামান লিটন, গফরগাঁও, ময়মনসিংহ। তাং ৮/১০/২৬ মোবাইল নাম্বার ০১৭১১১৪৩৮৪০