আতাউর রহমান বাচ্চু
নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশাল মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের মুশুলী কলেজ গেটের সামনে মুশুলী ইউনিয়ন বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও মানবাধিকার সংগঠন ব্যানার ও ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ সামাজিক এই ব্যাধিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। উক্ত প্রতিবাদ সমাবেশে মুশুল্লী ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল বাবুল, মুশুল্লী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফোরকান উদ্দিন, সদস্য সচিব ওমর ফারুক মাস্টার, তারেরঘাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, মুশুল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহসিন, মেরেঙ্গা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম রবিন, যুবদল নেতা মারুফ হাসানসহ আরও অনেকেই।
কর্মসূচিতে মুশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুশুলী উচ্চ বিদ্যালয়, মুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়, মুশুলী ডিগ্রি কলেজ এবং চকমতি ডি.এস. ফাজিল (স্নাতক) মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যানারসহ অংশ নেন। এছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখা এবং হক ফাতেমা পাঠাগারের কর্মকর্তা ও সদস্যরা এই মহৎ উদ্যোগে একাত্মতা প্রকাশ করে যোগ দেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধগুলো দূর করতে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা দল-মত নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে এই সচেতনতামূলক আন্দোলনে শামিল হওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।