রুবেল মিয়া, (শেরপুর) থেকে :
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু সালেহ আহমেদ (৬১) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের ভারুয়া বাজার জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত আবু সালেহ আহমেদ ওই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। তিনি ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি ছিলেন। পাশাপাশি নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজা উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন আবু সালেহ। তবে তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে একই গ্রামের আব্দুল মতিন ও তাঁর সহযোগীদের আপত্তি ছিল। শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন আবু সালেহর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।