নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন
১৩ নভেম্বর ছিল জননন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জেলা শহরের হোটেল শেরাটন হলরুমে এক আনন্দ আড্ডার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চ। সংগঠনের সভাপতি মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে জেলার সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন।
হুমায়ূন আহমেদের বর্নাঢ্য জীবন নিয়ে আলোচকগণ অভিব্যক্তি প্রকাশ করেন। বক্তব্য রাখেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অধ্যাপক আল জাবির, লেখক ও গবেষক মু আ লতিফ, কবি বাঁধন রায়, কিশোরগঞ্জ থিয়েটার ফোরামের সাবেক সভাপতি কোহিনূর আফজল, নাট্য ও নৃত্যজন মানস কর, নাট্য নির্দেশক আবদুল ওয়াহাব, সহযোগী অধ্যাপক সামিউল হক মোল্লা, ছড়াকার বিজন কান্তি বণিক, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বাবুল রেজা, ছড়াকার সাদরুল উলা, সাংস্কৃতিক সংগঠক সমর কান্তি সরকার প্রমুখ।
আলোচনা শেষে হুমায়ুন আহমেদ নির্মিত শ্রাবণ মেঘের দিন, চন্দ্রকথা ও আমার আছে জল চলচ্চিত্রের জনপ্রিয় আটটি গান পরিবেশন করেন কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের শিল্পী একেএম জসিম উদ্দিন হিরু, রাজীব রূপক, কায়েস আকন্দ, নিরব রিপন, সেতারা বেগম সেতু, জহিরুল ইসলাম রুবেল, মেহেদী হাসান হৃদয় ও তাসলিমা নিঝুম। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবির উদ্দিন ফারুকী সোয়েল।