লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ২০২৬ তারিখে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আইওএম-এর সহায়তায় ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। তারা ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং তাদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের UZ222 ফ্লাইটযোগে ২৪ নভেম্বর ২০২৬ তারিখ মোঙ্গলবার আনুমানিক সকাল ০৬:০০ ঘটিকায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান। এ সময় লিবিয়ার সরকারের পররাষ্ট্র দপ্তরসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায়কালীন সংক্ষিপ্ত সাক্ষাতে মান্যবর রাষ্ট্রদূত অভিবাসীদের খোঁজখবর নেন এবং দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার আহ্বান জানান। তিনি তাদের ভবিষ্যতে দক্ষতা অর্জন ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পরামর্শ দেন। একই সঙ্গে কোনো অবস্থাতেই অনিয়মিত পথে বিদেশ গমন না করার জন্য সতর্ক করেন। দেশে ফিরে লিবিয়ায় তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের জানানোর মাধ্যমে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। পাশাপাশি মানব পাচার ও অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত দালাল চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস লিবিয়ার বিভিন্ন শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এবং বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। এপ্রেক্ষিতে ২৫ নভেম্বর ২০২৬ তারিখে আইওএম-এর সহায়তায় ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস কাজ করছে।