মোঃ জাহিদুল ইসলাম
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা :
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামে অবস্থিত ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকস’-এ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত শ্রমিকরা হলেন—চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া এবং একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইটভাটায় প্রতিদিনের মতো কাজ করছিলেন শ্রমিকরা। সকাল ১১টার দিকে হঠাৎ ইটভাটার কিলিং বা চিমনির পাশের একটি দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক উৎপল ও গোলাপের মৃত্যু হয়।দুর্ঘটনায় আহত অন্য দুই শ্রমিক হলেন—একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে (মেডিকেল কলেজ হাসপাতাল) ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।এ বিষয়ে ইটভাটার মালিক মোফাজ্জল হোসেন সজল বলেন, “সকালে কয়েকজন শ্রমিক ভাটায় কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে দুজন মারা যান এবং দুজন আহত হন।”ঘটনার খবর পেয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম পুলিশ দল নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাটির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একই গ্রামের দুই শ্রমিকের অকালমৃত্যু এবং দুজনের গুরুতর আহত হওয়ার খবরে চরপুমদী গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের পরিবারে চলছে মাতম।