মোবারক হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে খেলার মাঠে তর্ক-বিতর্কের জেরে মো. বিজয় মিয়া (২১) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবকের মা মোছা. পিয়ারা বেগম (৪৫) বাদী হয়ে কুলিয়ারচর থানায় ৪ যুবকের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজয় মিয়া উপজেলার মাছিমপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের বাজরা খেলার মাঠে খেলা চলাকালীন সময় স্থানীয় মাছিমপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে মো. বিনাইন মিয়া (২৩), আ. ছমেদের ছেলে মো. রবিন মিয়া (২১), মো. ঝন্টু মিয়ার ছেলে মো. আশরাফুল মিয়া (২০) ও মো. দেলোয়ার মিয়ার ছেলে মো. নিরব মিয়া (২২) দের সাথে বিজয় মিয়ার কথা-কাটাকাটি হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে মো. রবিন মিয়ার (২১) হুকুমে ও উসকানিতে অন্যরা একজোট হয়ে বিজয়কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। হামলায় তার নাক ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম হয় এবং নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
সংবাদ পেয়ে বিজয়ের মা পিয়ারা বেগম ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ৪ যুবক তাকেও অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মামলা-মোকদ্দমা করলে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার করান।
এঘটনায় গত ১৫ আগস্ট শনিবার আহত বিজয় মিয়ার মা পিয়ারা বেগম মো. বিনাইন মিয়া (২৩), মো. রবিন মিয়া (২১), মো. আশরাফুল মিয়া (২০) ও মো. নিরব মিয়া (২২) দের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দ্রুত আইনানুগ শাস্তির দাবি জানান।
এব্যাপারে কুলিয়ারচর থানায় অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বাদীর লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।