আতাহার আলী মৃধা মাসুদ প্রতিনিধি হোসেনপুর, কিশোরগঞ্জ, ২৪ আগস্ট ২০২৬ হোসেনপুর উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুনের সাথে উপজেলার সম্মানিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, হোসেনপুর।
সভায় বক্তারা নবাগত ইউএনওকে হোসেনপুরে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জনাব রেকসোনা খাতুন তার বক্তব্যে বলেন, হোসেনপুরের মানুষের সেবায় আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে একটি দুর্নীতিমুক্ত, স্মার্ট ও উন্নত হোসেনপুর গড়ে তুলতে চাই। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।
সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ রাস্তাঘাট উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং কৃষি ও স্বাস্থ্যসেবা আরও জোরদার করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, নিয়মিত এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে জনগণের চাহিদা ও সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।