সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে কৃষকদের মাঝে সার সংকটকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার (২৩ আগস্ট ২০২৬) কৃষকরা সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক সার ডিলারের ঘর ভেঙে সেখান থেকে সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একদল কৃষক ও স্থানীয় লোকজন ডিলারের ঘরের সামনে ভিড় করছেন এবং ঘরের ভেতর থেকে বস্তাভর্তি সার বের করে নিয়ে যাচ্ছেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বোরোসহ বিভিন্ন মৌসুমে ফসল উৎপাদনের জন্য সময়মতো সার পাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু শিলখুড়ি ইউনিয়নে প্রয়োজনের তুলনায় সার সরবরাহ কম থাকায় অনেক কৃষক ডিলারের দোকানে গিয়ে সার না পেয়ে ফিরে আসছিলেন। এতে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়তে থাকে।
কৃষকদের দাবি, সরকারি বরাদ্দের সার সুষ্ঠুভাবে বিতরণ, প্রকৃত কৃষকের কাছে সার পৌঁছানো এবং সার সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ডিলার পর্যায়ে সার মজুত, বিতরণ ও বরাদ্দের হিসাব যথাযথভাবে যাচাই করারও দাবি জানিয়েছেন তারা।