নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা, দুই নারীকে মারধর, একজনকে শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বেলাবো থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শরীফ মিয়া (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, শরীফ মিয়া বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘলদীকান্দা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে প্রতিবেশী রেনু মিয়া (৪০), লাবলী বেগম (৩০) ও অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে রেনু মিয়ার নির্দেশে লাবলী বেগমসহ কয়েকজন বাঁশের লাঠি, কাঠের ডাসা ও লোহার রড নিয়ে শরীফ মিয়ার বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়।
গালিগালাজের প্রতিবাদ করায় শরীফ মিয়ার স্ত্রী সুমি বেগম (২৫) ও তাঁর মা আছিয়া বেগমকে (৪৮) লাঠি, কাঠের ডাসা ও লোহার রড দিয়ে মারধর করা হয়। পাশাপাশি তাঁদের এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে রেনু মিয়ার সঙ্গে থাকা একটি গামছা দিয়ে সুমি বেগমের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় লাবলী বেগম তাঁর গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন খুলে নেন বলে দাবি করেন অভিযোগকারী। চেইনটির আনুমানিক মূল্য এক লাখ ১০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে দাবি করা হয়। এরপর আহত সুমি বেগম ও আছিয়া বেগমকে চিকিৎসার জন্য বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মো. শরীফ মিয়া।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।