রুবেল মিয়া, (শেরপুর) থেকে :
শেরপুরের নালিতাবাড়ীতে দুই দিন আগে নিখোঁজ হওয়া হায়াতুন্নেছা (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। হায়াতুন্নেছা উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমুদ্দিনের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হায়াতুন্নেছা। প্রায় চার বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং পরে আবার ফিরে আসতেন। তাই এবারও স্বজনেরা প্রথমে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হননি।
শনিবার সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ার খালের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।