আতাউর রহমান বাচ্চু:
নান্দাইল প্রতিনিধি:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সত্যিই উনার যোগ্য পিতার একজন সুযোগ্য উত্তরসূরি। ইয়াসের খান চৌধুরীর বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ছিলেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের একজন অত্যন্ত জনপ্রিয় এবং সফল সাবেক সংসদ সদস্য। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহান স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নান্দাইলের ঐতিহাসিক আসন পুনরুদ্ধারে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ইয়াসের খান চৌধুরী তার বাবার সাবেক আসন ময়মনসিংহ-৯ থেকে বিপুল ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর তিনি তার বাবার আসনটি পুনরুদ্ধার করেন। রাজনীতিতে আসার আগে ইয়াসের খান চৌধুরী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী হিসেবে নিজের ক্যারিয়ার গড়েছিলেন। তিনি দীর্ঘদিন লন্ডনে বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ‘বিবিসি’ (BBC) টেলিভিশন নেটওয়ার্কের তথ্যপ্রযুক্তি বিভাগে এবং বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান IBM-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই তার শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারিত্বের মূল্যায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নবগঠিত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বিদেশের মাটিতে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ থাকা সত্ত্বেও নাড়ির টানে এবং প্রয়াত বাবার অপূর্ণ স্বপ্ন ও জনসেবামূলক আদর্শ বাস্তবায়নে দেশে ফিরে আসেন। নান্দাইল তথা দেশের তথ্য ও গণমাধ্যম খাতকে আধুনিক, বৈষম্যহীন এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।