ফারজানা আক্তার, কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল কর্তৃক মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ইয়াবা উদ্ধার সহ নাসির মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।নাসির মিয়া উপজেলার বীরকাসিমনগর এলাকার ইউসুফ মিয়ার ছেলে। নাসির মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।অভিযানকালে তার দুই কক্ষবিশিষ্ট টিনের ছাউনি দেওয়া বসতঘরে তল্লাশি চালিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা সহ নাছির মিয়াকে আটক করেন। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেডের আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। অভিযানে উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাছির মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।