নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষায় গভীর রাতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
২৭ অক্টোবর (মঙ্গলবার) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সুবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার ফসলি জমি ও কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সুবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ডিলার খোরশেদের বাড়ির উত্তর-পূর্ব দিকের ফসলি জমিতে অভিযান চালায়। অভিযানকালে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত ০২টি ড্রেজার মেশিন এবং প্রায় ১০০০ ফুট সরবরাহ পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট ও ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, অভিযুক্ত ডিলার খোরশেদ পুরো সুবিল এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একাধিক অবৈধ ড্রেজার পরিচালনার অনুমতি দিয়ে আসছিলেন। আজ তার নিজের ড্রেজারটিই প্রশাসনের অভিযানে ভাঙচুর ও ধ্বংস করা হয়। তবে রাজনৈতিক দল পরিবর্তনের গুঞ্জন এবং প্রশাসনের নথিতে কৌশলে তার নাম এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি, কৃষিজমি এবং সার্বিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে দেবিদ্বার উপজেলা জুড়ে অবৈধ মাটি উত্তোলন ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।