হারুনূর রশিদ :
হাওরাঞ্চলের দূরদূরান্ত থেকে বিদ্যালয়ে আসা অনেক শিক্ষার্থীকে না খেয়ে সারাদিন ক্লাস করতে হয়। খাবারের জন্য বাইরে যেতে নষ্ট হয় মূল্যবান সময়। শিক্ষার্থীদের এমন দুর্ভোগ কমাতে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগ এবং সহায়তায় বিদ্যালয়ে চালু করা হয়েছে ক্যান্টিন। পাশাপাশি সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে নেওয়া হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাগরা আব্দুল গনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর উদ্বোধন করেন।
ক্যান্টিন উদ্বোধনকালে ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি যখন পড়াশোনা করেছি তখন ক্যান্টিনের অভাব কষ্ট বুঝেছি। তারাই আগামী দিনের পথ দেখাবে। হাওরাঞ্চলের দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বেলা ৫ টা পর্যন্ত ক্লাস করে। দুপুরে খাবারের জন্য তাদের সময় নষ্ট হয়। বাবা মা এর কাছ থেকে টাকা এনে ফুচকা চটপটি ঝালমুড়ি আইসক্রিম খায়। প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পাচ্ছে না। এতে নানান অসুস্থতায় পড়তে হচ্ছে। তাদের গড় বয়স ১০-১৫, বাড়ন্ত বয়সে অপুষ্টিসহ নানান সমস্যায় ভুগতে পারে। শিক্ষার্থীদের এসব অসুবিধার কথা বিবেচনা করেই বিদ্যালয়ের ভেতরে ক্যান্টিন চালুর উদ্যোগ নেওয়া হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে মিড ডে মিল্ক দেয়া হয়। এটাও একটা মডেল হবে। পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে সফলতা দেখতে পাচ্ছি। স
তিনি আরও বলেন, মিঠামইন উপজেলায় ২২টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। ইতিমধ্যে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যান্টিন চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ১৬ প্রতিষ্ঠানগুলোতেও ক্যান্টিন চালুর পরিকল্পনা রয়েছে। প্রতিটি ক্যান্টিনের জন্য ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ক্যান্টিনগুলোতে রুটিন অনুযায়ী ভাত, শাকসবজি, ডাল ও ডিমের মতো পুষ্টিকর খাবার পরিবেশন করা হবে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের আর্থিক সহযোগিতায় এগুলো পরিচালিত হবে।
পরে বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. কাউছারুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি শামসুজ্জামান ভূঁইয়া রিটু ও ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এরশাদুল হক, উপজেলা ওলামা দলের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, অভিভাবক সদস্য মো. ধন মিয়া এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাস।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী বশির আহম্মদ ও নবম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা সূত্রধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব আলম।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. কাউছারুল আলম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিদ্যালয়ের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত শিক্ষার বিকল্প নেই। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয়কে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের ক্যান্টিন পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।