কিশোরগঞ্জের ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফেজ আবুল খায়েরের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি আত্মসাৎ, ওয়ারিশদের বঞ্চিত করা, প্রতারণার মাধ্যমে জমি ও অর্থ হাতিয়ে নেওয়া এবং জাল দলিল তৈরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে পরিবারের নারী সদস্যদের হয়রানি, হুমকি, মারধর ও বাড়িঘরে হামলার অভিযোগও করেছেন ভুক্তভোগী স্বজনেরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা অভিযোগ করেন, রাজনৈতিক ও সামাজিক প্রভাব কাজে লাগিয়ে হাফেজ আবুল খায়ের নিজের পরিবারের সদস্য, বিশেষ করে বোন, ভাগনি ও নিকটাত্মীয়দের সঙ্গে সম্পত্তি নিয়ে প্রতারণা করেছেন। বাবার মৃত্যুর পর বড় বোন মারজান আক্তারকে তাঁর প্রাপ্য ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের দাবি, বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে বিক্রির ঘটনাও ঘটেছে। প্রচলিত আইন ও ইসলামী শরিয়াহ অনুযায়ী প্রাপ্য অংশ থেকেও মারজান আক্তারকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
ভুক্তভোগীদের ভাষ্য, বড় বোনের মেয়ে মাতাহারা আক্তারের কাছ থেকে জমি বিক্রির কথা বলে সম্পূর্ণ টাকা নেওয়া হলেও পরবর্তী সময়ে মাত্র ৩৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়। বাকি জমির বিষয়ে জানতে চাইলে তাঁকে একটি ভুয়া দলিল দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের। এ নিয়ে জমির মালিকানা সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, পরিবারের বিধবা সদস্য রুমা আক্তারকে বাড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়নি। পরে টাকা ফেরত চাইলে তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনেরা।
এ ছাড়া রুমা আক্তারের নাতি সাইফুল ইসলামের কাছ থেকেও জমি বিক্রির প্রলোভন দেখিয়ে ভুয়া দলিলের মাধ্যমে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায়ও আদালতে মামলা চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, এসব অনিয়মের প্রতিবাদ করায় উল্টো তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি বাড়িঘরে গিয়ে হামলা, মারধর এবং পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটেছে বলে তাঁরা দাবি করেন। এসব কারণে পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে যাঁর ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কথা, তাঁর বিরুদ্ধেই পরিবারের অসহায় সদস্যদের সম্পত্তি নিয়ে প্রতারণা ও হয়রানির অভিযোগ ওঠা অত্যন্ত দুঃখজনক। তাঁরা পারিবারিকভাবে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছেন। কিন্তু কোনো সমাধান পাননি বলে দাবি করেন।
এ সময় তাঁরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের মাধ্যমে অভিযোগগুলোর নিরপেক্ষ সাংগঠনিক তদন্ত করা এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে দলীয় পদ থেকে বহিষ্কার করা।
এ ছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, আত্মসাৎ করা অর্থ ও সম্পত্তি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
ভুক্তভোগীরা জানান, অভিযোগের পক্ষে তাঁদের কাছে কথিত ভুয়া দলিল, আর্থিক লেনদেনের প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। প্রয়োজনে এসব নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন তাঁরা।