আতাউর রহমান বাচ্চু
নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট এবং গৃহকর্তা লুৎফুর রহমান ভূইঁয়া সুমনকে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের পাছবাড়িয়া বাংলাবাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ওলি আজম বাবর, তৌহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আজিজুল হক ভূইঁয়া ও অলি উল্লাহসহ স্থানীয় ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, গত ১৬ অক্টোবর গভীর রাতে ১৪-১৫ জনের একটি দল পাছবাড়িয়া গ্রামে সুমনের বাড়িতে অনধিকার প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাঁর স্ত্রী সেতারা আক্তার, মা, বোন ও শিশুদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখানো হয়। পরে সুকেসে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়। তাঁদের অভিযোগ, পরিবারের সদস্যদের চিৎকার শুনে সুমন পাশের ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তাঁকে উঠানে নিয়ে হাত-পা ও মুখে কাপড় দিয়ে বেধে মাটিতে ফেলে দেয় এবং তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি সোঠা দিয়ে মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে তাঁকে মৃত ভেবে ফেলে রেখে যায় হামলাকারীরা। বর্তমানে তিনি কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা আরও বলেন, গত ১ আগস্ট প্রাণনাশ ও মারধরের হুমকির অভিযোগে সুমন নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ২০। উক্ত ডাকাতি ও মারধরের ঘটনায় তাঁর স্ত্রী সেতারা আক্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উক্ত মানববন্ধনে এলাকাবাসীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।