আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম
জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অবৈধভাবে চাকরিচ্যুত করা এবং বকেয়া বেতন পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের মেডিকেল প্রমোশন অফিসার সৈয়দ আশিক মাহমুদ।
অভিযোগটি নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২৪ক ধারা অনুযায়ী আপস-মীমাংসার উদ্যোগ নিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জামালপুর কার্যালয়।
অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মিজানুর রহমান স্বাক্ষরিত ২৮ অক্টোবর ২০২৬ তারিখের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগকারী সৈয়দ আশিক মাহমুদ তাঁকে বেআইনিভাবে চাকরিচ্যুত করার অভিযোগ তুলে বকেয়া বেতন পরিশোধ এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।
এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর ২০২৬, রোববার সকাল ১১টায় জামালপুর শহরের ময়মনসিংহ রোডের ফুলবাড়িয়ায় বুলবুল ভবনের দ্বিতীয় তলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে আপস-মীমাংসা সভা আহ্বান করা হয়েছে।
নোটিশে হাসপাতালের মালিক, পরিচালক বা ব্যবস্থাপককে অভিযোগকারীর ব্যক্তিগত নথিপত্রসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ড ও রেজিস্টার নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মনোনীত যোগ্যতম কোনো প্রতিনিধিকে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।