মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ছাত্রদলের উদ্যোগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের কথিত অপতৎপরতা, দেশবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে উপজেলা এবং পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সোমবার বিকেলে কটিয়াদী উপজেলা রোড সংলগ্ন স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। মিছিলে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ওবায়দুর, কটিয়াদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাছিব, সদস্য সচিব আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক দিদারুল ইসলাম এবং সদস্য সচিব মো. নাসিম মিয়া। এছাড়াও উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের লক্ষ্যে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। তারা অভিযোগ করেন, একটি চক্র দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা ব্যাহত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থেকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে। তারা বলেন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা। সমাবেশে বক্তারা ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে।