আতাহার আলী মৃধা মাসুদ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গণ্যমান্য ব্যক্তিবর্গ বনাম উপজেলা প্রশাসনের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি। রোমাঞ্চকর খেলাটি ১-১ গোলে ড্র হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে দারুণ উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।