1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূত এর মতবিনিময় সভা

  • প্রকাশ কাল শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া।।

লিবিয়ার মিসরাতা শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সাথে গতকাল ১০ এপ্রিল ২০২৬ তারিখে দূতাবাসের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত ছিলেন। এতে মিসরাতা শহরে বিভিন্ন পেশায় কর্মরত প্রায় দুই শত প্রবাসী অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও মতামত তুলে ধরেন। এসময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মান্যবর রাষ্ট্রদূত দীর্ঘ সময় মনোযোগসহকারে প্রবাসীদের মতামত শোনেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি জানান, দূতাবাস লিবিয়ায় অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার ও কল্যাণমূলক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও লিবিয়ায় বসবাসরত প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
মান্যবর রাষ্ট্রদূত লিবিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকল প্রবাসীকে নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্ক থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, প্রবাসীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দূতাবাস ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে একাধিক বৈঠক করেছে এবং তাদের সহযোগিতা কামনা করেছে।
সভায় আকামা (ভিসা) ও দুখুল সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে মান্যবর রাষ্ট্রদূত জানান, সমস্যাগুলোর সমাধানে দূতাবাস লিবিয়ার শ্রম মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। পাশাপাশি জরিমানা মওকুফসহ আকামা প্রক্রিয়া সহজীকরণের জন্য স্থানীয় কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হয়েছে। তিনি সকল প্রবাসীকে নিয়মিত হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করার পরামর্শ প্রদান করেন।
প্রবাসীদের মধ্যে কেউ কেউ হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়টি তুলে ধরেন। এ প্রেক্ষিতে মান্যবর রাষ্ট্রদূত সকলকে হুন্ডি পরিহার করে লিবিয়ার অনুমোদিত মানি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানান। তিনি বলেন, এভাবে প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং প্রবাসীদের জন্য নিরাপদ।
সভায় মান্যবর রাষ্ট্রদূত লিবিয়ায় অনিয়মিত অভিবাসনের ফলে অপহরণ ও নির্যাতনসহ কয়েকজন ভুক্তভোগীর দু:খ দূর্দশা তুলে ধরেন। এপ্রেক্ষিতে তিনি এধরণের অভিবাসনের নেতিবাচক ও ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, এটি শুধু ব্যক্তির জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়, বরং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। তিনি সকলকে এ বিষয়ে সচেতন থাকার এবং নিজের আত্মায়সজন এবং বন্ধুবান্ধবদের সচেতন করার আহ্বান জানান।
সভায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হয়। মান্যবর রাষ্ট্রদূত জানান, স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের ফেরত পাঠাতে ইতমধ্যে দূতাবাস হতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর চীফ অব মিশনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তার সাথে বৈঠক করা হয়েছে। এপ্রেক্ষিতে তিনি মিসরাতা থেকে আগ্রহীদের দ্রুত নিবন্ধন করার ব্যাপারে আশ্বস্ত করেন। এপ্রসংগে তিনি বলেন, ডিটেনশন সেন্টারে আটক প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সকলকে নিরাপদে দেশে ফেরত পাঠাতে দূতাবাস কাজ করে যাচ্ছে।
সভার শেষে মান্যবর রাষ্ট্রদূত প্রবাসীদের স্থানীয় জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রত্যেক প্রবাসীই বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তাই আইন মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
এই মতবিনিময় সভার মাধ্যমে প্রবাসীরা দূতাবাসের কার্যক্রম এবং বিভিন্ন সমস্যার সমাধানে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সরাসরি অবগত হতে পেরেছেন। উপস্থিত প্রবাসীরা এ আয়োজনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST