তৌকির আহাম্মেদ হাসু,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শনিবার (১১ এপ্রিল) বিকেলে।
ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে বালিকা বিভাগে মুখোমুখি হয় ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উভয় বিভাগেই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।এই খেলাটি পরিচালনা করেন ভাটারা স্কুল এন্ড কলেজের শরীরচর্চা শিক্ষক ও বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশনের সদস্য মো: আবুল কালাম আজাদ।
ফাইনাল খেলার উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবীর খান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাটারা ইউনিয়ন পরিষদের সুযোগ্য সাবেক চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম মিলন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী,ভাটারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান মালম, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান আনিছ। টুর্নামেন্টটির সার্বিক আয়োজন করে ৬নং ভাটারা ইউনিয়নের টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ খান বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন তাদের মেধা বিকাশ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন জরুরি।এ ধরনের আয়োজন ভাটারা ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চর্চার আগ্রহ বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা।