মহিবুর তালুকদার শিবলু,চুনারুঘাট প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর চৌকস টহল দল সাম্প্রতিক সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, ফুচকা এবং বাংলাদেশী কয়েল ও রাবার জব্দ করতে সক্ষম হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌকস বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বিজিবির টহলদল কর্তৃক পরিচালিত আকষ্মিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৩ লক্ষ ১৯ হাজার ৭০০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস, ফুসকা এবং বাংলাদেশী রাবার ও কয়েল জব্দ করে।
গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানী পণ্য বিভিন্ন এলাকায় পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল ০৯ নভেম্বর ২০২৫ তারিখ সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। আনুমানিক ০৯০০ ঘটিকায় সন্দেহজনক একটি বালুর ট্রাক বিজিবির টহল দলের নিকটবর্তী হলে বিজিবি টহলদল ট্রাকটিকে থামার সংকেত দিলে বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে চালক ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা বালুর ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমমেটিকস আটক করে, যার মূল্য ৩৬ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা।
এছাড়াও ০৮ নভেম্বর ২০২৫ তারিখ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহল দল রাজঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ফুচকা আটক করে। যার মূল্য ৩ লক্ষ ৫৯ হাজার ৪০০ টাকা। উক্ত বিওপি অপর পৃথক ০২টি অভিযানে ৩০০ কেজি রাবার, ২১০ প্যাকেট কয়েল, ০১টি মোটর সাইকেল এবং ০৩টি বাই সাইকেল আটক করে। যার সিজার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা।
পরিচালিত অভিযানগুলোর সম্পর্কে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।”তিনি আরও বলেন, “বিজিবি সীমান্তে শুধু পাহারা নয়, জনগণের সহায়তায় অপরাধ দমনে আমরা দৃঢ়ভাবে কাজ করি। কেউ চোরাচালান ও অবৈধ কর্মকান্ডের খবর পেলে দেরি না করে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি।”
জব্দকৃত সকল মালামাল এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
একই সঙ্গে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।