নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের পশ্চিমপাড়া বাগবাড়িতে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল, সেই বিরোধের জেরে গত সোমবার (১ জুন) আনুমানিক সকাল ১১টার দিকে মারামারিতে উভয়পক্ষের অন্তত ৮/১০ জন আহত হয়েছে। আহত সঞ্জু মিয়ার স্ত্রী জানান, প্রতিপক্ষ মৃত আব্দুর রহমানের ছেলে মো. সেকুল ইসলাম ও মাঈনুল ইসলাম সহ তাদের পরিবারের অন্যান্য লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা করে আমার স্বামীসহ মো. ফারুক মিয়া, কাকলী আক্তার, শেফালী আক্তার ও সাব্বিরকে গুরুতর আহত করেছে, তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আমাদের বসতঘর ও একটি নতুন মোটরসাইকেল ভাঙচুর সহ নগদ টাকা, স্বর্ণালংকার অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে গেছে তারা।
তবে, হামলা ভাঙচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করে মৃত আব্দুর রহমানের ছেলে মো. মাঈনুল ইসলাম বলেন, বরং প্রতিপক্ষ মো. সঞ্জু রহমান ও তার পরিবারের অন্যান্য লোকজন মিলে আমাদের ওপর অতর্কিত হামলা করে, এসময় আমার বড়ভাই মো. সেকুল ইসলাম, জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছে। তারা সবাই হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায় এদিন বসতবাড়ির জায়গা মাপজোখের জন্য আমীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকাকালীন সময়ে হঠাৎ উত্তেজিত হয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।