রুবেল মিয়া, (শেরপুর) থেকে:
শেরপুরের সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১৫ নভেম্বর শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন হাড়িয়াকোনা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করা হয়। জব্দ করা এসব বডি স্প্রের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান অনুসরণ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।