রুবেল মিয়া, (শেরপুর) থেকে :
শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার অভিযোগে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।
গতকাল সন্ধ্যার পর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ ও সদস্যসচিব লুৎফর রহমান স্বাক্ষরিত নোটিশে গোলাপ হোসেনকে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাতে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পরে গোলাপ হোসেন থানায় গিয়ে মুচলেকা দিয়ে নিজের জিম্মায় তাঁকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে নিজেকে বিএনপির ত্যাগী কর্মী বলে দাবি করেন। পরে কথোপকথনের একপর্যায়ে তিনি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের একনিষ্ঠ কর্মী ছিলেন বলে স্বীকার করেন। তাঁর উপজেলা পরিষদ নির্বাচন ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও কাজ করেছেন বলে জানান।
থানা থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বিএনপির কর্মী। আমাকে গোলাপ মাস্টার এমনিতেই নিজের জিম্মায় ছাড়িয়ে নিয়ে গেছেন।’
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ বলেন, দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শের বাইরে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। অভিযোগের বিষয়ে গোলাপ হোসেনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাঁর জবাব পর্যালোচনা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
সদস্যসচিব লুৎফর রহমান জানান, দলীয় পদ-পদবি ব্যবহার করে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গোলাপ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।