সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ,রংপুর জনাব মোঃ শহিদুল ইসলাম, এনডিসি মহোদয় কুড়িগ্রাম জেলা পরিদর্শন করেন। জেলা প্রশাসক, কুড়িগ্রাম জনাব অন্নপূর্ণা দেবনাথ-এর সভাপতিত্বে দিনব্যাপী কর্মসূচিতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সার ডিলার,বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভা” করেন। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে সার সরবরাহ, বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা ও কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ও সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার অনুরোধ জানান। পরবর্তীতে তিনি বিসিআইসি-র বাফার গুদাম পরিদর্শন করেন এবং সার মজুদ ও সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
বিআরটিএ, কুড়িগ্রাম জেলা সার্কেলের আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ টি পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়,কুড়িগ্রামে “জেলা ভূমিসেবা কেন্দ্র” এর শুভ উদ্বোধন করেন, যা ভূমি সংক্রান্ত সেবাপ্রার্থীদের দ্রুত ও ভোগান্তিহীন সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক টিআর কর্মসূচির আওতায় “কুড়িগ্রাম সদর উপজেলায় আগত সেবা গ্রহীতাদের জন্য বিশ্রামাগার” এর শুভ উদ্বোধন করেন।