সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
খুব সকালে বড় দাদার হাত ধরে বাজারে এসেছিল পাঁচ বছরের দুরন্ত সূর্য রায়। যেচায়ের দোকানে বসে পরোটা খেয়ে দাদার সঙ্গে বেরিয়েছিল সে। কিন্তু দোকান থেকে বের হতেই হঠাৎ দাদার হাত ছেড়ে দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করে শিশুটি। চোখের পলকে একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে সড়কে পড়ে সূর্য। এর মধ্যেই বিপরীত দিক থেকে ছুটে আসা একটি নসিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিথর হয়ে যায় শিশুটির ছোট্ট দেহ। বুধবার ৯ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের সিংহিমারী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিকেলে স্থানীয় শ্মশানে শিশুটির শেষ কৃতানুষ্ঠান সম্পন্ন করা হয়।
নিহত সূর্য রায় উপজেলার ছিনাই ইউনিয়নের রামরতন গ্রামের স্বপন পালের ছেলে। সে সিংহিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দাদা মঙ্গল পালের হাত ধরে স্থানীয় বাজারে পরোটা খেতে এসেছিল সূর্য। খাওয়া শেষে দোকান থেকে বেরিয়ে আচমকাই দাদার হাত ছেড়ে সড়কের দিকে দৌড় দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মোটর সাইকেলের ধাক্কায় ছিটকে পড়ার পর নসিমনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এক মুহূর্ত আগেও যে শিশুটি দাদার হাত ধরে বাজারে এসেছিল, মুহূর্তেই তার নিথর দেহ পড়ে থাকে সড়কে। আদরের নাতিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন দাদা মঙ্গল পালসহ স্বজনরা। খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।