1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

নতুন উপজেলা নিয়ে টানাপোড়েন, উত্তপ্ত পাগলা

  • প্রকাশ কাল রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৩ বার পড়েছে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

“থানা আছে যেইখানে, উপজেলা হবে সেইখানে” শ্লোগানে গণমিছিল চলছে।


ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভক্ত অংশ নিয়ে গঠিত পাগলা থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষণা এবং নতুন উপজেলার নাম “পাগলা” বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। একইসঙ্গে উপজেলা পরিষদ কার্যালয় পাগলা বাজার এলাকায় স্থাপনের জোর দাবি জানানো হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে পাগলা বাজারে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন। “থানা আছে যেইখানে, উপজেলা হবে সেইখানে”, “থানা আছে যেই নামে, উপজেলা হবে সেই নামে”, “পাগলা নামের বিকল্প মানি না, মানবো না”, “আমাদের দাবি মানতে হবে”—এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
জানা যায়, দেশের প্রাচীন থানা ও উপজেলা গফরগাঁওয়ের ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন নিয়ে ২০১২ সালে পাগলা থানা গঠিত হয়। বর্তমানে ঐতিহ্যবাহী পাগলা বাজারকে কেন্দ্র করে বিশাল থানা কম্পাউন্ডসহ প্রশাসনিক অবকাঠামো গড়ে উঠেছে। তবে থানা শুধুমাত্র পুলিশি প্রশাসনের আওতায় থাকায় ভূমি, সমাজসেবা, কৃষি, নির্বাচন, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা পেতে এখনও দীর্ঘ পথ পাড়ি দিয়ে গফরগাঁও উপজেলা সদরে যেতে হয় স্থানীয়দের। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি জাতীয় সংসদেও পাগলাকে উপজেলা করার দাবি উত্থাপিত হয়। বিষয়টি সরকারের উচ্চপর্যায়েও বিবেচনায় রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে নতুন উপজেলার নামকরণ ও উপজেলা পরিষদ কার্যালয়ের অবস্থান নিয়ে ইতোমধ্যে এলাকায় বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয় সংসদ সদস্য নিজ এলাকার একটি মৌজার নামে নতুন উপজেলার নাম “আদর্শ নগর” করার প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন এবং উপজেলা পরিষদ কার্যালয় নিজের বাড়ির কাছে কান্দিপাড়া বাজার এলাকায় নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ এলাকাবাসীর। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পাগলাবাসী।
সমাবেশে বক্তারা বলেন, “যেখানে থানা, জনবসতি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও প্রশাসনিক অবকাঠামো গড়ে উঠেছে, সেখানে উপজেলা সদর না করে অন্যত্র নেওয়া হলে তা হবে জনগণের সঙ্গে বৈষম্যমূলক আচরণ।”
প্রধান অতিথির বক্তব্যে গফরগাঁও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান ফুরকান বলেন, “পাগলা কোনো কাগুজে জনপদ নয়, এটি আজ একটি বাস্তব জনপদের নাম। হাজার হাজার মানুষের জীবন-জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম পাগলাকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। জনগণের মতামত উপেক্ষা করে নাম পরিবর্তন বা উপজেলা কার্যালয় অন্যত্র নেওয়ার চেষ্টা করা হলে তা কখনোই মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “সরকার যদি সত্যিকার অর্থে জনবান্ধব প্রশাসন গড়তে চায়, তাহলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে পাগলা নামেই উপজেলা ঘোষণা এবং পাগলাতেই উপজেলা পরিষদ কার্যালয় স্থাপন করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের ন্যায্য দাবি আদায় করবে।”
পরে মিছিলটি পাগলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাগলা থানা গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে আরো বক্তব্য দেন, যুবদল নেতা মোহাম্মদ আলী বাবুল, ফেরদৌস আলম, রাজীব আহমেদ, মাহবুব আলম, দত্তের বাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোশারফ, গাজীপুর ভাওয়াল কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আলী,
ছাত্রদল নেতা হাবীবুর রহমান পাভেল, মোরশেদ আলম,কৃষকদল নেতা ফেরদৌস আলম প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST