আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। তিনি জানান,প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে নেত্রকোনা জেলায় সাত থেকে আটটি নাশকতা, ভাঙচুর ও উসকানিমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন প্রশান্ত কুমার রায় নেত্রকোনা শহরের ছোট বাজারে আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন এবং এর আগে একটি ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিল এবং সমাবেশের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি বক্তব্য রাখছেন এবং কয়েকজন সমর্থক মিছিল করছেন।
এই ঘটনার পর প্রশান্ত কুমার রায়ের কর্মকাণ্ড নিয়ে পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের একাংশ এবং ভুক্তভোগী ব্যক্তি ও দলগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তার বিরুদ্ধাচরণ ও দলের ভেতরে সংঘাতমূলক আচরণের কারণে দলীয় ও প্রশাসনিক মহলে চাপ তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে ধরতে তৎপর হয়।
ওসি কাজী শাহনেওয়াজ জানান, বিভিন্ন প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে নেত্রকোনায় আনা হয় এবং সোমবার (৭ জুলাই) আদালতে সোপর্দ করা হবে।