সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আসছে শারদীয় দুর্গাপূজা সামনে রেখে রাজারহাট উপজেলার বৈদ্যেরবাজার এখন যেন জমে উঠেছে প্রতিমার হাট। প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।
বৈদ্যেরবাজারে গড়ে উঠেছে প্রায় শত শত প্রতিমা তৈরির কারখানা। এসব কারখানায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দুর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন তাদের দম ফেলার ফুরসত নেই।
কোথাও প্রতিমার গায়ে দেওয়া হচ্ছে মাটির শেষ প্রলেপ, আবার কোথাও চলছে রঙের কাজ। কারিগরদের নিপুণ হাতে ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠছে দেবী দুর্গাসহ বিভিন্ন প্রতিমার অবয়ব। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারাও পছন্দের প্রতিমা কিনতে কারিগরদের সঙ্গে দরদাম করছেন।
সব মিলিয়ে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বৈদ্যেরবাজার এখন প্রতিমা কারিগর, ক্রেতা ও দর্শনার্থীদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে বৈদ্যের বাজারের সমস্ত এলাকা।