রুবেল মিয়া, (শেরপুর) থেকে:
“মা, আমার বুকটা খুব ব্যথা করে, খুব কষ্ট হয়—আমাকে বাঁচাও।” তীব্র বুকব্যথায় কাতর হয়ে মায়ের কাছে এমন আকুতি জানায় ১০ বছরের শিশু আফরিন আক্তার। ক্যামেরার সামনে এসেও কষ্টের কথা বলতে গিয়ে আফরিন বলে, “আপনারা আমাকে বাঁচান।” তার অসহায় মুখের দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় ১০ বছরের এই শিশুকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার। অর্থের অভাবে প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে না পারায় হৃদরোগে আক্রান্ত আফরিনের চিকিৎসাও অনিশ্চিত হয়ে পড়েছে।
আফরিন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪ নম্বর নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামের বাসিন্দা। বাবা আলতাব হোসেন ও মা সাজেদা বেগমের তিন সন্তানের মধ্যে সে দ্বিতীয়। শিশুকাল থেকেই হৃদরোগে আক্রান্ত আফরিন দীর্ঘদিন ধরে হৃদপিণ্ডের ভাল্বে ছিদ্রজনিত জটিলতায় ভুগছে।
পরিবার সূত্রে জানা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আফরিনের হাঁটা-চলায় সমস্যা, শারীরিক দুর্বলতা ও কথা বলার অসুবিধা বাড়ছে। মাঝে-মধ্যে তীব্র বুকব্যথায় কাতর হয়ে পড়ে সে। ইতোমধ্যে কয়েকটি হাসপাতালে তার চিকিৎসা করিয়েছেন বাবা-মা। পরে ঢাকায় চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে আফরিনের অস্ত্রোপচার প্রয়োজন বলে জানানো হয়। এ জন্য প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারকে জানানো হয়েছে।
কিন্তু দিনমজুর ও অসচ্ছল পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। মেয়ের কষ্ট চোখের সামনে দেখেও অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে অসহায় হয়ে পড়েছেন তার বাবা-মা।
৪ নম্বর নয়াবিল ইউনিয়নের তরুণ সমাজসেবক আরিফ হোসেন বলেন, “মেয়েটির বাবা-মা খুবই গরিব ও অসহায়। আমি আমার সাধ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার চেষ্টা করব। জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানরা পরিবারের পাশে দাঁড়ালে আফরিনের চিকিৎসা করানো সম্ভব হতে পারে।”
আফরিনের মা সাজেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কয়েকটি হাসপাতালে মেয়ের চিকিৎসা করিয়েছি। ঢাকায় নেওয়ার পর চিকিৎসক বলেছেন, আফরিনের অপারেশন করতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা লাগবে। আমরা খুব গরিব মানুষ। এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। মেয়েটা যখন বুকের ব্যথায় কষ্ট পায়, তখন মা হিসেবে খুব অসহায় লাগে। সমাজের বিত্তবান মানুষ, প্রবাসী ও দেশবাসীর কাছে অনুরোধ—আমার মেয়েকে বাঁচাতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন।”
পরিবারের দাবি, দ্রুত অস্ত্রোপচার করা সম্ভব হলে আফরিনের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। তাই তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি।
চিকিৎসার খোঁজখবর ও আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ:
সাজেদা বেগম (আফরিনের মা)
বিকাশ: ০১৬৩২০৬৭৭৫৫