নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ সদর মডেল থানাধীন যশোদল ইউনিয়নে এক নারীর বসতবাড়িতে দিনে-দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা, স্টিলের গেট কুপিয়ে ভাঙচুর ও বাড়ি দখলের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ৫নং যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেনের ইশারায় এ হামলা চালানো হয়েছে উল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭/০৩/২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৪:০০ ঘটিকার সময় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ সদরের মনিপুরঘাট এলাকার বাসিন্দা ভুক্তভোগী মোছাঃ রাবিয়া (৬২)—স্বামী মৃত আঃ গনি জানান, ঘটনার দিন বিকেলে বিবাদী মোঃ আলী ইখতিয়ার খান (৫০) সহ অজ্ঞাতনামা আরও ৮/৯ জন দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র দা, কিরিচ, চাপাতি, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের বসতবাড়ির সামনে চড়াও হয়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
একপর্যায়ে হামলাকারীরা হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বসতঘরের স্টিলের প্রধান ফটক (গেট) বেধড়ক কুপিয়ে ও পিটিয়ে ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। প্রাণভয়ে বৃদ্ধা রাবিয়া ঘরের ভেতরের দরজা বন্ধ করে দিয়ে আত্মরক্ষা করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা দাবি অনুযায়ী টাকা না দিলে ঘরের সমস্ত মালামাল জোরপূর্বক লুট করে নেওয়া এবং বসতবাড়ি দখল করে নেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যাওয়ার সময় ভুক্তভোগী ও তার পরিবারের লোকজনকে খুন-জখমের হুমকি দিয়ে যায়। এ বিষয়ে কোনো মামলা বা আইনের আশ্রয় নিলে সবাইকে প্রাণে মেরে ফেলা হবে বলেও শাসানো হয়।
এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ভুক্তভোগী পরিবার কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।