রুকন উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোণার কেন্দুয়ায় উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, গুণগত শিক্ষার প্রসার এবং শিক্ষক-পরিচালকদের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র পদপ্রার্থী জসিম উদ্দিন আহমেদ খোকন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।
আলোচনা সভার সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তারা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক ও যুগোপযোগী পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে বক্তারা শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।