মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরের পানিতে ডুবে হামিম (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিম পৌর এলাকার চড়িয়াকোনা মহল্লার হুমায়ুনের ছেলে। পরিবারসহ তিনি খাদ্যগুদামসংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করতেন। হামিম কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে উপজেলা পরিষদ চত্বরের পাশের পুকুরে নামে হামিম। একপর্যায়ে অন্য শিশুরা পানি থেকে উঠে এলেও হামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিষয়টি জানানো হলে তারা দ্রুত পানিতে নেমে তল্লাশি চালান।
পরে হামিমকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুখলেসুর রহমান সোহান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।