স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গোসাই বাজার শাখার কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে এক দরিদ্র কৃষকের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে |
যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামের ভুক্তভোগী কৃষক মোঃ সহিদ মিয়া ব্যবস্থাপক মোঃ রাইফুল্লা তারেকের বিরুদ্ধে কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক কিশোরগঞ্জ বরাবরে লিখিত অভিযোগ করেছেন | তিনি তার অভিযোগে উল্লেখ করেন , তিনি একজন দরিদ্র কৃষক | ২০২২ সালে ২ লক্ষ ৫০ হাজার টাকা কৃষি ঋণ গ্রহণ করেন | গোসাই বাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ রাইফুল্লা তারেক তার বকেয়া টাকা পরিশোধ করলে তাকে ৩ লক্ষ টাকা লোন দেবেন বলে পরামর্শ দেন | তার কথামতো ওই কৃষক ২০২৪ সালে মার্চ মাসের ৩ তারিখ সুদসহ মোট ৩ লক্ষ ৬ হাজার ২৫ টাকা সাকুল্য ঋণ পরিশোধ করেন | পরিশোধের পর ব্যবস্থাপকের কাছে লোন চাওয়ার জন্য গেলে তিনি ৫ পার্সেন্ট এডভান্স ঘোষ দেওয়ার কথা বলেন | এই ৫ পার্সেন্ট ঘুষ দিতে কৃষক অস্বীকৃতি জানালে ব্যবস্থাপক মোঃ রাইফুল্লা তারেক কৃষকের সমস্ত কাগজপত্র ছোড়ে ফেলে দেন | এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন , ব্যবস্থাপক মোঃ রাইফুল্লা তারেক এ শাখায় এসেই ৫ পার্সেন্ট ঘোষ চালু করেছেন | প্রতিটি কৃষকের কাছ থেকে লোন নেওয়ার পর তিনি ৫ পার্সেন্ট আদায় করেন | এ ব্যাপারে ব্যবস্থাপক মোঃ রাইফুল্লা তারেক এর সাথে কথা হলে তিনি বলেন , অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা , একটি চক্র তাদের অনৈতিক সুবিধা নিতে না পারায় তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে |