নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণার কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন বছর মেয়াদি পরিচালনা কমিটির চারজন অভিভাবক সদস্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন—পুরুষ সদস্য হিসেবে মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম ও আমিনুল ইসলাম খান সেন্টু এবং মহিলা সদস্য হিসেবে ফারজানা আক্তার ও সামিরা আক্তার।
প্রধান শিক্ষক মো. আব্দুস সাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. শওকত জামান কাঞ্চন। সভায় প্রধান শিক্ষক জানান, প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থী থাকলেও পারস্পরিক সমঝোতা ও সর্বসম্মতিক্রমে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচিত সদস্য মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম তাঁকে নির্বাচিত করায় সকল অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।