জয়দেব আচার্য্য নিকলী কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জের নিকলীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহায়তায় নিকলী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে “শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব বিষয়ক মতবিনিময় সভা” ২৮ জুন ২০২৬ রবিবার, নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র কার্যালয়-এ অনুষ্ঠিত হয়। পিএফজি’র সদস্য ও নিকলী সদর ইউপি’র সদস্য নজরুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপি’র সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম। সভার শুরুতেই মুল বক্তব্য উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান।
সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে রাজনৈতিক সহনশীলতা, ধর্মীয় সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা গুজব, উসকানিমূলক বক্তব্য, কিশোর গ্যাং, মাদক, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং সামাজিক বিভাজন সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন। সমাজে ভিন্নমত থাকলেও সহিংসতা, বিভাজন ও বিদ্বেষ পরিহার করে সংলাপ, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন। বক্তারা আরও বলেন, ধর্মের মূল শিক্ষা হলো শান্তি, মানবতা, সহমর্মিতা ও ন্যায়বিচার। তাই ধর্মকে বিভেদ বা সংঘাতের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হলে উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং নাগরিক আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হয়। সভায় বক্তারা আরো বলেন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, গণমাধ্যম এবং সামাজিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সহনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য মোঃ আসাদুজ্জামান মানিক, উপজেলা জাময়াতে ইসলামী’র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের প্রভাষক এ.এস.এম. আছাদ, নিকলী সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন আহমেদ, নিকলী জিসি পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান স্বাধীন, জেলা ছাত্রদলের সহসভাপতি ফাইজুল কবীর খোকন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বাবু নীল রতন সাহা, নতুন বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ বুলেটিন এর উপজেলা প্রতিনিধি জয়দেব আচার্য্য, সাবেক নিকলী সদর ইউপি’র সাবেক সদস্য জসীম উদ্দিন প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।।।।