1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

কটিয়াদীতে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ কর্মসূচিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৫৩৯টি কার্ডধারী পরিবারকে জনপ্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার সকালে জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মুহাম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, জালালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল, জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল, সিনিয়র সহ-সভাপতি মাসুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. নাজমুল হক, সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিকসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জালালপুর ইউনিয়নের ৪ হাজার ৫৩৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে মোট ৪৫ হাজার ৫৭০ কেজি চাল বিতরণ করা হবে। দুই দিনব্যাপী এ কার্যক্রম মঙ্গলবার শুরু হয়েছে এবং বুধবারের মধ্যে বিতরণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কার্ডধারীদের মাঝে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হচ্ছে। উপকারভোগীরা নির্ধারিত কুপন দেখিয়ে জনপ্রতি ১০ কেজি করে চাল গ্রহণ করেন।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক বলেন, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করা হচ্ছে। যাতে প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য সহায়তা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ট্যাগ অফিসার ডা. মুহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, ভিজিএফ কার্ডধারীদের মাঝে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চাল বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত কোনো ধরনের অনিয়ম চোখে পড়েনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকার প্রধান তারেক রহমানের উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সঠিকভাবে বণ্টন নিশ্চিত করা গেলে ইউনিয়নের প্রতিটি অসহায় পরিবার উপকৃত হবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে সাধারণ মানুষ এর সুফল পাবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST