তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বাজারের সন্তোষ মিয়ার চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে দুই ব্যবসায়ী আহত হন। পরে তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা হলেন—সানাকৈর বাজারের মনোহারি ব্যবসায়ী আব্দুল জলিল (৪২) এবং অটোরিকশার যন্ত্রাংশ ব্যবসায়ী ওয়াজেদ আলী। ঘটনার পর আহত আব্দুল জলিল বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সানাকৈর পূর্বপাড়া গ্রামের ইমান আলীর ছেলে শান্ত মিয়া, সন্তোষ মিয়ার ছেলে রিপন মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র, ভুক্তভোগী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে “মেসার্স ঈমাম মটরস”-এর মালিক ওয়াজেদ আলী তার দোকানে যাওয়ার পথে সন্তোষ মিয়ার চায়ের দোকানের সামনে পৌঁছান। এ সময় তিনি রিপন মিয়া ও শান্ত মিয়ার কাছে পূর্বের পাওনা ২ হাজার ৪০০ টাকা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শান্ত মিয়া ক্ষিপ্ত হয়ে ওয়াজেদ আলীর ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। তাকে এলোপাতাড়ি মারধর করা হলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় মারামারি থামাতে এগিয়ে আসেন মনোহারি ব্যবসায়ী আব্দুল জলিল। কিন্তু তাকেও ছাড় দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, রিপন মিয়া তাকে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ভুক্তভোগীদের দাবি, হামলার সময় তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং চোখের নিচে গুরুতর জখম করা হয়েছে। এছাড়া স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করেন তারা।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বাজারে নিরাপত্তা জোরদার এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,“লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।