রুবেল মিয়া, শেরপুর থেকে :
শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সার কালোবাজারে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ১০ জন বিসিআইসি সার ডিলারসহ ১৫ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—সার ডিলার মো. ফরহাদ আলী, মাজাহারুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, সুবর্ণা সাহা রায়, সুফিয়া বেগম, মরিয়ম আক্তার মুন্নী, তাপস নন্দী, সিরাজুল হক, ছামিদুল ইসলাম ফারাজী ও বোরহান উদ্দিন। এছাড়া ডিলার পরিচালনাকারী আনোয়ার হোসেন, মনিরুজ্জামান মনির, প্রশান্ত সাহা, মো. বাদশা মিয়া ও জাকির হোসেন রতন রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার কালোবাজারে বিক্রির অভিযোগে গত ২২ জুলাই শেরপুর সদর উপজেলার ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
মামলায় সরকারি বরাদ্দের সার নির্ধারিত নিয়মে কৃষকদের মধ্যে বিতরণ না করে কালোবাজারে বিক্রির অভিযোগ আনা হয়েছে। পরে মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১৫ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।