মোঃ সোহেল রানা রাজশাহী
সাংবাদিকদের দায়িত্বশীলতা ও পেশাগত অধিকার নিয়ে আলোচনা, প্রশ্নোত্তরে মিলল বিভিন্ন প্রশ্নের উত্তর
রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব, অধিকার এবং সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হকিম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) গাজিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হকিম সংবাদপত্র ও সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইন, বিধি-বিধান ও পেশাগত নীতিমালা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সাংবাদিকদের সুষ্ঠু, দায়িত্বশীল ও শৃঙ্খলার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সাংবাদিকদের পেশাগত অধিকার, দায়িত্ব, সংবাদ প্রকাশের ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা এবং সংশ্লিষ্ট বিধি-বিধান বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও আইনগত বিষয়ে প্রশ্ন করেন। অতিথিরা এসব প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় রাজশাহী জেলা তথ্য অফিসের কর্মকর্তাসহ মহানগরীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।