মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কাবাডি ফাইনাল খেলা।
শুক্রবার বিকেলে দশপাখী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে উপজেলার সাবেক বিআরডিবি চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমেদ বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, কাবাডি শুধু একটি খেলা নয়, এটি আমাদের হাজার বছরের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। প্রযুক্তির এই যুগে তরুণ সমাজকে মোবাইল ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও সৌহার্দ্যের শিক্ষা দিতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, সরকার দেশীয় খেলাধুলার প্রসারে আন্তরিকভাবে কাজ করছে। গ্রামের মাঠগুলো আবারও প্রাণ ফিরে পাক এটাই আমাদের প্রত্যাশা। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ব্যাপক প্রসার ঘটাতে হবে।
উপজেলার দশপাখী কারারবাড়ি বালুর মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দুপুরের পর থেকেই আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর ও ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে ভিড় করেন। বাঁশি, ঢাক-ঢোল, করতালি ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
খেলার উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। তিনি বলেন, গ্রামীণ খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
প্রধান বক্তা ছিলেন লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন সরকার।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, বিশেষ বক্তা হিসেবে উপস্থি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ইলিয়াস কাঞ্চন ভূইয়া শরিফ, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন আহমেদ সবুজ ভূঞা, লোহাজুরী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ বাবুল আফ্রাদ, লোহাজুরী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক বাবুল লোহাজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মাসুদ রানা প্রমূখ।
কাবাডি ফাইনাল খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর। খেলোয়াড়দের চমৎকার কৌশল, দ্রুতগতি ও আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকরা বারবার করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন। খেলার এক পর্যায়ে দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাঘবের গ্রামের জাকির হোসেন ব্যক্তিগত নৈপুণ্যে সর্বোচ্চ আট পয়েন্ট অর্জন করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং প্রথম পুরস্কার গ্রহণ করেন। এ সময় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে টিকিয়ে রাখা, তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, লোহাজুরী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান আব্দুল্লাহ। খেলা পরচিলানায় ছিলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ কটিয়াদী উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অবঃ) হুমায়ূন কারার কাজল ও বি্েনপি নেতা মোঃ সোলায়মান।