-তৌহিদুল ইসলাম সরকার,
নান্দাইল থেকে ময়মনসিংহ রুটে চলাচলকারী বিআরটিসি বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৫ জুলাই) দুপুরে নান্দাইল উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে নান্দাইল ছাত্র সংঘের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা গ্রহণের জন্য প্রতিদিন অনেক শিক্ষার্থী নান্দাইল থেকে ময়মনসিংহে যাতায়াত করেন। বর্তমান পরিবহন ব্যয় তাদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে। তাই শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে অর্ধেক ভাড়া কার্যকরের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকার কর্মী পিন্টু সাহা, শিক্ষার্থী রিয়াদ হাসান, কামরুজ্জামান তোহা, মোবাশ্বেরসহ আরও কয়েকজন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন। এ সময় তারা শিক্ষার্থীদের যাতায়াত ব্যয় কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালে তারা শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।