নেত্রকোণা মদনে ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ, থানায় মামলা দুই জন গ্রেফতার,
মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদনে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২০ মেট্রিক টন চাল জব্দের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হলেও আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে মদন উপজেলার ২নং চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের সাম্য ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাকে করে সরকারি চাল পাচারের সময় অভিযান চালায় মদন থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া মদন থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, মদন উপজেলা খাদ্য গুদাম থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত চাল প্রকল্প সভাপতি ও ডিও হোল্ডারদের কাছে সরবরাহ করা হয়। এসব চাল শ্রমজীবী মানুষের মাঝে বিতরণের কথা থাকলেও একটি চক্র কালোবাজারির উদ্দেশ্যে সেগুলো পাচারের চেষ্টা করে।
অভিযোগে বলা হয়, খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তায় মোট ২০ হাজার কেজি (২০ মেট্রিক টন) সরকারি চাল ট্রাকে করে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসি বাজার এলাকার একটি রাইস মিলে নেওয়ার সময় অভিযান চালিয়ে ট্রাকসহ চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।
এ ঘটনায় শামীম (৩০), শাহীন (৩৫) ও এনামুল হক আনার (৬০) সহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে এনামুল হক আনারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জব্দকৃত সরকারি চাল ও ট্রাক থানার হেফাজতে রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটকৃত দুই ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।