খায়ের আহম্মদ খন্দকার লিমন,
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কিশোরগঞ্জে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেয় সর্বস্তরের মানুষ।
২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরাতন স্টেডিয়ামে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এদিন সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬টায় গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস.এম ফরহাদ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
পরে সকাল ৮টায় জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এছাড়া বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মুক্তিযুদ্ধে আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।