নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্বান জানিয়ে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা বলেছেন, ‘নির্বাচন কমিশন তথা রাষ্ট্রের পক্ষ থেকে একটি সংস্কারের কথা বলা হয়েছে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রূপান্তরিত হতে চাই, আর এটাই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। এ লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছিল।
কিশোরগঞ্জ ইসসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে তিনি আরো বলেন, “আন্দোলনের সফলতার পর আমরা একটি সনদের কথা বলছি। এই সনদকে বৈধতা দিতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে। ‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্র আবার গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে।”
আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, ‘তফসিলে বর্ণিত ৩০টি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে ঐকমত্যে পৌঁছেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সঙ্গে একযোগে গণভোট অনুষ্ঠিত হবে।’ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন , প্রেসক্লাব সভাপতি নাসিম খান , অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত প্রমুখ। জেলার সাত শতাধিক ইমাম সম্মেলনে অংশ নেন।