নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের জামতলা বাজার অতিক্রম করে কাউয়ারগাতী গ্রামের আগে ফিসারির কাছে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন ডিংকস গ্রুপের ডিএসআর (ডিলার সেলস রিপ্রেজেন্টেটিভ) রুবেল। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।
জানা যায়, ডিংকস গ্রুপের ডিএসআর রুবেল বাশহাটি বাজার থেকে জামতলা হয়ে ফিসারির কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর পথরোধ করে। এ সময় তাঁর কাছে বেশ কিছু টাকা ছিল। ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। তবে গুরুতর আহত হলেও ছিনতাইকারীরা তাঁর টাকার ব্যাগটি নিতে পারেনি।
স্থানীয়দের অভিযোগ, জামতলা বাজার পার হয়ে কাউয়ারগাতী গ্রামের আগে ওই এলাকাটি বর্তমানে ছিনতাইপ্রবণ ও অপরাধের ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে। এর আগেও সেখানে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এলাকাটিতে মাদক সেবন ও মাদক বিক্রির অভিযোগও রয়েছে।
এ অবস্থায় এলাকায় নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহল এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।