রুবেল মিয়া (শেরপুর) থেকে:
শেরপুরের নালিতাবাড়ীতে কাঠ ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও উপজেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা হয়েছে। ব্যবসায়ী জান্নাতুল নাঈমের অভিযোগ, তাঁকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও নগদ টাকা নিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় যুবদল নেতা মিজানুর রহমান মিজানকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে, ১৫ লাখ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে নাঈমের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন মিজান।
মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাঁচাশী গ্রামের বাসিন্দা নাঈম বিভিন্ন এলাকা থেকে কাঠ কিনে ব্যবসা করেন। গত ২২ সেপ্টেম্বর নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারের কালেমা চত্বরে অবস্থানকালে মিজান তাঁকে ফোন করে আকাশমণি কাঠের সন্ধান দেন। পরে বিকেল ৪টার দিকে কাঠ কেনার উদ্দেশ্যে সেখানে গেলে মিজানসহ কয়েকজন তাঁকে একটি কফি হাউসে নিয়ে যান। এরপর কাঠ দেখানোর কথা বলে কেরেঙ্গাপাড়া গ্রামের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে মারধর করা হয় বলে এজাহারে অভিযোগ করেছেন নাঈম।
এ সময় তাঁর মোটরসাইকেল, কাগজপত্র, আইফোন ১৬ প্রো ম্যাক্স, ডেবিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও কাঠ কেনার জন্য সঙ্গে থাকা ২ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর নাঈম সিআর আমলি আদালতে মামলা করেন।
অন্যদিকে, গত ৬ অক্টোবর একই আদালতে নাঈমের বিরুদ্ধে মামলা করেন মিজান। তাঁর অভিযোগ, কাঠ ব্যবসার লেনদেনে নাঈমের কাছে তাঁর ১৫ লাখ টাকা পাওনা রয়েছে। ওই টাকা চাইতে গেলে তাঁকে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
মিজান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, নাঈম ‘অন্ত সরকার দ্রুব’ নামে ছদ্মপরিচয়ে জাপানপ্রবাসী এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ১৮ লাখ টাকা নিয়েছেন। ওই নারীকে প্রতারণার বিষয়টি জানার পর তাঁর উদ্যোগে নাঈমকে নালিতাবাড়ীতে ডেকে আনা হয়। পরে একটি সালিশি বৈঠকে মোটরসাইকেল ও আইফোন রেখে বাকি টাকা পরিশোধের বিষয়ে সমঝোতা হয় বলে দাবি করেন মিজান। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে নাঈমের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার কথাও জানান তিনি। এসব দাবির বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল ও এখতিয়ার বিবেচনায় কোথায় মামলা করা যায়, সে বিষয়ে অভিযোগকারীকে পরামর্শ দেওয়া হয়েছে।