মোঃ আল মামুন প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ):
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪ নং আড়াইবাড়ীয়া ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। জুম্মার নামাজ শেষে নিজ বাসভবন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আবদুল কাইয়ুম।
প্রার্থিতা ঘোষণা করে আবদুল কাইয়ুম আশাবাদ ব্যক্ত করে বলেন, "ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও মহল্লা থেকে সাধারণ মানুষের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তাতে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো, ইনশাআল্লাহ।"
উল্লেখ্য, তিনি ৪ নম্বর আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দিন ধরে এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে স্থানীয়দের কাছে একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রার্থিতা ঘোষণার পাশাপাশি তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে নাগরিক সুবিধা তৃণমূল মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম আরও বলেন, "আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চাই।"
তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই তিনি নির্বাচনের মাঠে সক্রিয় হয়েছেন বলে জানান স্থানীয়রা। পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে ভোটারদের মাঝেও তাঁর প্রার্থিতা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আড়াইবাড়ীয়া ইউনিয়নের সার্বিক পরিবর্তনের স্বার্থে তিনি সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.